ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পিআর চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়। আজকে যারা পিআরের কথা বলছেন, তারা জনগণের কাছে গিয়ে দেখতে পারেন কি চায়। কোনো অবস্থাতেই দলীয় স্বার্থ হাসিল করতে একটি পদ্ধতিকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


জাহিদ হোসেন বলেন, যারা নতুন নতুন কথা বলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, তারা খুঁজতেই পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর ধরে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধানে রয়েছে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এতেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।


তিনি আরও বলেন, যেসব দল পিআরের কথা বলছেন, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেটা উল্লেখ করতে পারেন। দেশের জনগণ যদি তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় তখন তারা পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বিগত ৬০ বছরের ইতিহাসে তাদের কতজন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্বশীল ছিলেন, আদৌও কি দেশের মানুষ তাদেরকে কোনো দায়িত্ব দিয়েছিল। রাজনৈতিক দল হিসেবে অতীতে আমাদের দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে বিএনপি মনে করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে।


রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আামিনুল ইসলাম প্রমূখ।

ads
ads
ads

Our Facebook Page

↑